ইমরানের নতুন গান ‘সখী মন বুঝলা না’

প্লেব্যাক কিংবা অডিও দুই মাধ্যমেই একচেটিয়া কাজ করে যাচ্ছেন ইমরান মাহমুদুল। ১৪ নভেম্বর প্রকাশ পেল ইমরানের নতুন একক গান ‘সখী মন বুঝলা না’। গানের কথা লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন রহমান। সংগীতায়োজন করেছেন শিল্পী নিজে। ইমরানের ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।
সাধারণত রোমান্টিক আদলে তৈরি গানে বেশি পাওয়া যায় ইমরানকে। ভিন্ন কিছু করার প্রয়াস থেকে এবার নিজের পছন্দের জনরার সঙ্গে ফোক মিশ্রণ করেছেন তিনি। ভিডিও নির্মাণেও বাড়তি যত্ন থাকে ইমরানের। এবারও এর ব্যতিক্রম হয়নি। নতুন গানে মডেল হয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক রুবাইয়া এশা। ভিডিও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। পুরো ভিডিওতে নৃত্য পরিবেশনের পাশাপাশি কোরিওগ্রাফি করেছে রেনেসাঁ ড্যান্স গ্রুপ। কস্টিউম ডিজাইন করেছেন আজান চৌধুরী। এই গান দিয়ে তিন বছর পর ইমরানের গানের ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় মজুমদার।

