ট্রাম্পের স্বীকারোক্তি: রিপাবলিকানদের ডুবিয়েছে ইসরায়েলপ্রীতি ও ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের অবস্থান ও দেশটির প্রতি সাধারণ আমেরিকানদের ক্রমবর্ধমান অসন্তোষকে অন্যতম প্রধান কারণ হিসেবে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকেও এই ভরাডুবির জন্য দায়ী করেছেন তিনি।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ সাংবাদিক রস ডাউথ্যাটকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই সাক্ষাৎকারের বিস্তারিত প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘অবিশ্বাস্যভাবে আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি প্রচণ্ড অপছন্দ তৈরি হয়েছে। ইসরায়েলের প্রতি এই অনীহা, ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া; আমার মতে এগুলোই নির্বাচনে পরাজয়ের প্রাথমিক কারণ।’
তবে ঠিক কোন শ্রেণির ভোটারদের মধ্যে ইসরায়েলবিরোধী এই মনোভাব বেশি কাজ করেছে, সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য বা জরিপের উল্লেখ করেননি।
নির্বাচনি ক্ষতির কথা স্বীকার করলেও ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সিদ্ধান্তের পক্ষে অনড় অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না এবং সুযোগ পেলে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন।

