গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

বলকান অঞ্চলীয় দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সি এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে দেশটিতে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ ছিল। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে এথেন্স থেকে দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে ওই যুবকের সঙ্গে বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি। তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া, বসবাসের অনুমতি না থাকা কিংবা অন্য কোনো কারণে ফেরত পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
একই সূত্রের তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়, অভিবাসন নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই যুবকের হয়ে আইনি লড়াই করেছিল। তার আশ্রয়ের আবেদনগুলো বারবার প্রত্যাখ্যাত হলেও দুজন আইনজীবী আইনি পদক্ষেপের মাধ্যমে গ্রিসে তার থাকার অধিকার নিশ্চিত করার চেষ্টা করেন। কিন্তু তৃতীয়বারও আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
গত জুন মাসের শেষ দিকে ঘটনাটি সামনে আসে। তখন ২৭ বছর বয়সী ওই ব্যক্তি নাফপ্লিওতে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি অবৈধ অভিবাসীদের, এমনকি বৈধ কাগজপত্র না থাকলেও, ওই এলাকায় যাওয়ার আহ্বান জানান। সেখানে কাজের সুযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বাংলাদেশিদের আশ্বস্ত করেন যে, কয়েক দশক ধরে কাগজপত্র ছাড়া গ্রিসে থাকলেও পুলিশ তাদের তল্লাশি করবে না।

