শীতের আগমনে বাড়ছে প্রসাধনীর চাহিদা, দামের চাপে ক্রেতারা

শীতের আগমনী বার্তার সঙ্গে রাজধানীর বাজারগুলোতে শীতকালীন প্রসাধনীর চাহিদা বাড়তে শুরু করেছে। ত্বকের শুষ্কতা রোধে ভ্যাসলিন, বডি লোশন, কোল্ড ক্রিম, গ্লিসারিন, ময়েশ্চারাইজার ও লিপবাম কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। তবে মৌসুমি চাহিদার সঙ্গে এসব পণ্যের দাম নিয়েও রয়েছে ক্রেতাদের উদ্বেগ। গত বছরের তুলনায় চলতি বছর কিছু প্রসাধনীর দাম বেড়েছে, আবার কিছু পণ্যের দাম প্রায় অপরিবর্তিত।
রাজধানীর ফরচুন মার্কেট ঘুরে দেখা যায়, শীত মৌসুমকে সামনে রেখে দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শীতকালীন প্রসাধনী। ক্রেতাদের চাহিদার তালিকায় রয়েছে ভ্যাসলিন, বডি লোশন, গ্লিসারিন ও ময়েশ্চারাইজারের মতো পণ্য। তবে ব্র্যান্ড, পরিমাণ ও মানভেদে এসব পণ্যের দামে বেশ পার্থক্য রয়েছে।
বাজার ঘুরে পাওয়া তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর কয়েকটি প্রসাধনীর দাম বেড়েছে। গার্নিয়ার মেন ফেসওয়াশের দাম গত বছর ছিল ৩৮০-৪২০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৪৩০-৪৫০ টাকায়। মেরিল কোম্পানির গ্লিসারিনের দাম ১০০-১০৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০-১১৫ টাকা।
বিদেশি ইনসেনটা লোশনের দাম গত বছর ছিল ৫৫০-৫৮০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকায়। অন্যদিকে অলিভ ওয়েভ লোশনের দাম গত বছর ছিল ৪৮০-৫০০ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় ৫১০ টাকায়।
শীতের প্রসাধনী কিনতে এসে অনেক ক্রেতাকেই এখন বাজেটের সঙ্গে পণ্যের দাম মিলিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কেউ কম দামের পণ্য খুঁজছেন, আবার কেউ ত্বকের ধরন ও মান বিবেচনায় পছন্দের ব্র্যান্ড বেছে নিচ্ছেন।

