সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশসীমায় ঢুকে ২৫ মিনিট উড়ল চীনা সামরিক বিমান

ভারতের সিকিম রাজ্যের আকাশসীমায় প্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে চীনের একটি সামরিক বিমান। গত ১২ নভেম্বরের এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা পাঠালেও বিমানটি সরে যায়নি। রোববার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম আউটলুক এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
ঘটনাটি ভারতের নিরাপত্তার জন্য বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। কারণ, যে এলাকায় চীনা বিমানটির উপস্থিতি শনাক্ত হয়েছে, সেখান থেকে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের ওপর নজর রাখা সম্ভব। এই সরু ভূখণ্ডটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে।
আউটলুকের প্রতিবেদনে বলা হয়, ১২ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা সামরিক বিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর একাধিকবার সতর্কবার্তা দিয়ে সেটিকে ভারতীয় আকাশসীমা ছেড়ে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এসব সতর্কবার্তা উপেক্ষা করে বিমানটি ওই এলাকায় উড়তে থাকে। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল।
এখন পর্যন্ত বিমানটির মডেল, নির্দিষ্ট উড্ডয়নপথ কিংবা কখন সেটি ভারতীয় আকাশসীমা ত্যাগ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল আউটলুক। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর?
পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার একমাত্র স্থলপথ। সবচেয়ে সংকীর্ণ অংশে এর প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভৌগোলিক আকৃতির কারণে এটি ‘চিকেনস নেক’ বা মুরগির গলা নামেও পরিচিত।
চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি অবস্থানের কারণে করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই অঞ্চলের আশপাশে যেকোনো অস্বাভাবিক সামরিক তৎপরতা ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পায়।
অন্যদিকে, সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। ডোকলাম মালভূমিও এই অঞ্চলের কাছাকাছি। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থা তৈরি হয়েছিল।

