আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত

এপস্টেইনের ছোট ভাই মার্ক এপস্টেইন গত বছরের নভেম্বরে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ নথিপত্র ফ্রিম্যানকে দেন। এরপর প্রায় এক বছর ধরে সেসব নথি বিশ্লেষণ করেন তিনি। নিজের গবেষণার ফলাফল বিশেষজ্ঞদের মূল্যায়ন-সাপেক্ষ বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশের চেষ্টা করছেন ফ্রিম্যান। তবে এখন পর্যন্ত প্রকাশনার জন্য তার গবেষণা প্রত্যাখ্যাত হয়েছে। এ গবেষণায় তার সঙ্গে রয়েছেন কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট ইতিয়েল দ্রর এবং সুইডিশ ফরেনসিক প্যাথলজিস্ট আন্দের্স এরিকসন।
এপস্টেইনের ময়নাতদন্তের কয়েকটি ছবি পরীক্ষা করা অন্য ফরেনসিক বিশেষজ্ঞরাও তার ঘাড়ের দাগটিকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ক্ষেত্রে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তবে তাদের কেউ কেউ সতর্ক করে বলেছেন, এই অস্বাভাবিকতা আত্মহত্যার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে না। শুধু শরীরের আঘাতের চিহ্নের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করাও সম্ভব নয়।
এদিকে, এপস্টেইনের মরদেহ প্রথম দেখতে পাওয়া কারাগারের এক কর্মীর বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। ওই কর্মী শুরুতে তদন্তকারীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এপস্টেইনের মৃত্যুর দুই বছর পর তিনি প্রথমবারের মতো নিজের বক্তব্য দেন। তার দাবি, মরদেহটি উদ্ধারের সময় এপস্টেইনের শরীরের পেছনের অংশ মেঝে থেকে প্রায় ২ দশমিক ৫ সেন্টিমিটার উঁচুতে ছিল।
ওই কর্মীর বর্ণনা, ময়নাতদন্তের ছবি এবং এপস্টেইনের শারীরিক গঠন বিবেচনায় নিয়ে ফ্রিম্যান কম্পিউটারের সাহায্যে ফাঁসিতে ঝুলে মৃত্যুর ত্রিমাত্রিক (থ্রিডি) সিমুলেশন তৈরি করেন। এর মাধ্যমে শারীরিক আলামতগুলো কর্তৃপক্ষের নির্ধারিত মৃত্যুর পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পরীক্ষা করেন তিনি।
তবে এপস্টেইনের মূল ময়নাতদন্ত পরিচালনাকারী প্যাথলজিস্ট ক্রিস্টিন রোমান ফেডারেল তদন্তকারীদের জানিয়েছিলেন, এপস্টেইন আত্মহত্যা করেছিলেন, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। রোমানের ভাষ্য অনুযায়ী, এপস্টেইনের মরদেহ স্বাভাবিক অবস্থায় ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন কিংবা নখের নিচে ময়লা পাওয়া যায়নি। এ ছাড়া ধস্তাধস্তির কোনো আলামতও শনাক্ত করা সম্ভব হয়নি।

