প্রেমিকা থেকে বন্ধু, ক্যামব্রিজের পুরোনো প্রেমের গল্প ফাঁস করলেন রাহুল গান্ধী

রাহুল বলেন, ‘আমার বাবা-মাকে ঘিরে অনেক গল্প প্রচলিত ছিল। সেসবের অন্যতম ছিল ভার্সিটি রেস্তোরাঁয় তাঁদের প্রথম দেখা হওয়ার ঘটনা। অনেক বছর পর ক্যামব্রিজে গিয়ে প্রেমিকাকে বলেছিলাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই। আমি দেখতে চেয়েছিলাম, কোথায় আমার বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল।’
রেস্তোরাঁর কর্মীর সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, এই রেস্তোরাঁতেই আমার বাবা-মায়ের দেখা হয়েছিল। তখন কর্মীটি বললেন, ওহ, তাঁদের কথা! আমি তাঁদের চিনি। আমি জানতে চাইলাম, তাঁদের সম্পর্কে কী জানেন তিনি। জবাবে তিনি বললেন, ওই দুজনের কথা বলছেন? আমি ঠিকই জানি, আপনি কাদের কথা বলছেন।’
অনুষ্ঠানে রাহুলের কাছে তাঁর স্মৃতিচারণে উল্লেখ করা প্রেমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তিনি এখন আমার বন্ধু।’
এ সময় মায়ের ব্যক্তিগত জীবন ও দীর্ঘদিনের চিকিৎসাসংক্রান্ত লড়াই নিয়েও কথা বলেন রাহুল। তিনি জানান, সোনিয়া গান্ধী স্মৃতিকথায় নিজেকে দুবার বা তিনবার ক্যানসারজয়ী হিসেবে উল্লেখ করলেও বাস্তবে তিনি চারবার ক্যানসারকে পরাজিত করেছেন।
রাহুল বলেন, ‘এই বইয়ে আপনারা যে মাকে দেখছেন, তিনি বাবা মারা যাওয়ার আগের সময়ের মানুষ। তিনি নিজেকে দুবার, আবার কোথাও তিনবার ক্যানসারজয়ী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিনি চারবার ক্যানসারকে পরাজিত করেছেন। তিনি সবকিছুই ছোট করে দেখান। আমার জীবনে একবারও তাঁকে ভীত হতে দেখিনি। কখনো তাঁকে পিছিয়ে আসতেও দেখিনি।’

