পাকিস্তানে জাতীয় গ্রিডকে টেক্কা দিল সৌরবিদ্যুৎ, চলছে এয়ার কুলার-টেক্সটাইল মিলও

এরই মধ্যে বৈশ্বিক বাজারে, বিশেষ করে চীনের উৎপাদিত সোলার প্যানেলের দাম গত কয়েক বছরে প্রায় ৯৩ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। আমদানিকৃত এসব সস্তা সোলার প্যানেল লুফে নেয় সাধারণ মানুষ। দেশটির জ্বালানি মন্ত্রী আওয়াইস আহমেদ লেগারি এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে গণমাধ্যমকে জানান, মানুষ চরম অর্থনৈতিক সংকটের মুখে বাঁচার অন্য পথ খুঁজে নিয়েছে এবং অত্যন্ত দক্ষ ও অর্থনৈতিকভাবে লাভজনক উপায়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে।
শুধু আবাসিক খাতেই নয়, পাকিস্তানের বাণিজ্যিক ও শিল্প খাতেও সোলার প্যানেলের ব্যবহার এখন সর্বব্যাপী। রাজধানী ইসলামাবাদের বিখ্যাত ‘কোহিনূর টেক্সটাইল মিলস’-এর দিকে তাকালে এর বড় প্রমাণ মিলবে। এই বিশাল শিল্প প্রতিষ্ঠানের ছাদ এবং প্রাঙ্গণ জুড়ে এখন শুধুই সোলার প্যানেলের সমুদ্র। মিলটির ইউটিলিটি ম্যানেজার সাবাউন খান জানান, যখনই সূর্যের আলো থাকে, তাঁদের শত শত ভারী সুতা ও কাপড় তৈরির যন্ত্র সম্পূর্ণ সোলার শক্তির ওপর ভর করে নির্বিঘ্নে চলতে থাকে। অতীতে কারখানার চাকা সচল রাখতে যে ভারী ফার্নেস অয়েলচালিত ইঞ্জিনগুলো ব্যবহার করা হতো, তা এখন গুদামে ফেলে রাখা হয়েছে।
অবশ্য শিল্পপতিদের মতে, সৌরবিদ্যুতের পূর্ণাঙ্গ সুফল পেতে এখন বড় ধরনের শিল্প-মানের ব্যাটারি স্টোরেজ বা শক্তি সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি। মেঘলা দিন বা রাতের বেলা নিরবচ্ছিন্ন উৎপাদনের স্বার্থে অনেক প্রতিষ্ঠানই এখন জাতীয় গ্রিডের পাশাপাশি নিজস্ব ব্যাটারি সিস্টেম স্থাপনের কাজ শুরু করেছে। কোহিনূর টেক্সটাইল মিলসের সিইও তৌফিক সাঈদ সাইগোল বলেন, রাষ্ট্রীয় কোষাগারে পর্যাপ্ত সম্পদ না থাকায় তারা নিজেদের উদ্যোগেই জ্বালানি সংকট সমাধানের এই পথ বেছে নিয়েছেন।


