হামলা বন্ধের বিনিময়ে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলা বন্ধের বিনিময়ে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের একটি আর্থিক প্যাকেজ দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। আর এই প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ইরান। তবে এই প্রস্তাবের পাশাপাশি অর্থ হস্তান্তর করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সোমবার (২৬ অক্টোবর) উপসাগরীয় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের লক্ষ্য হলো একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হুতি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণের মতো বিষয়গুলোর সমাধান করা। বিনিময়ে, হুতিদের সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা বন্ধ করতে হবে।
সংবাদমাধ্যমটিকে একটি সূত্র নিশ্চিত করেছে যে, সংঘাত নিরসনে বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সোমবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেহরান সফর করেন। সংবাদপত্রের একটি সূত্র দাবি করেছে যে, মন্ত্রী একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমানে করে এই অর্থ নিয়ে গিয়েছিলেন।
তবে সৌদি আরবের কোনো কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেননি।
সৌদির প্রস্তাবে কী কী রয়েছে
সৌদি আরবের প্রস্তাবিত এই আর্থিক প্যাকেজটি আগের কিছু সমঝোতার সঙ্গে সম্পর্কিত। সেই সমঝোতা অনুযায়ী, দেশটি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি কর্মীদের বেতন প্রদান এবং অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা করার কথা ছিল।

