বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল
বিজ্ঞাপন

ঋণ নিতে দিতে হবে অর্থপাচার ও জালিয়াতি না করার অঙ্গীকারনামা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ঋণ নিতে দিতে হবে অর্থপাচার ও জালিয়াতি না করার অঙ্গীকারনামা

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করতে বাংলাদেশ ব্যাংকের গঠিত ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন কর্মসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এ কর্মসূচির আওতায় ঋণ পেতে গ্রাহককে অর্থ পাচার, জাল-জালিয়াতি, তহবিল অন্যত্র সরিয়ে নেওয়া কিংবা ঋণের অর্থের অপব্যবহার না করার বিষয়ে ব্যাংকের কাছে ঘোষণাপত্র দিতে হবে। পাশাপাশি ঋণের অর্থের লেনদেন নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন নির্দেশনায় বলা হয়, এ স্কিমের আওতায় ঋণপ্রত্যাশী গ্রাহক অতীতে অর্থ পাচার, জাল-জালিয়াতি, তহবিল অন্যত্র সরিয়ে নেওয়া অথবা ঋণের অর্থের অপব্যবহার করেননি, এ মর্মে সংশ্লিষ্ট ব্যাংককে একটি ঘোষণাপত্র দিতে হবে।

অর্থাৎ, বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে বিশেষ এই কর্মসূচির আওতায় ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্রাহকের আর্থিক লেনদেন ও ঋণের অর্থ ব্যবহারের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় গ্রাহকের কাছ থেকে এ ঘোষণা সংগ্রহ করতে হবে।

নতুন নির্দেশনায় ঋণ বিতরণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, কোনো ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ গ্রহণ করছেন, সেই ব্যাংক থেকেই এ স্কিমের আওতায় ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এ ছাড়া এ কর্মসূচির আওতায় দেওয়া ঋণ ও বিনিয়োগের সব ধরনের লেনদেন গ্রাহকের এসক্রো অ্যাকাউন্ট অথবা রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে। হিসাবটি যে নামেই পরিচালিত হোক না কেন, সংশ্লিষ্ট হিসাবের মাধ্যমেই লেনদেন করতে হবে।

এ ক্ষেত্রে প্রকল্প ঋণ দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যাংকে প্রকল্পের আয় জমা রাখার হিসাব খোলার বাধ্যবাধকতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের ১৮ জানুয়ারির বিআরপিডি সার্কুলার নম্বর-১-এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

এর ফলে বিশেষ এ কর্মসূচির অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে পর্যবেক্ষণ করা সহজ হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...