শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার উদ্যোগ হাস্যকর, দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হুমায়ুন কবির বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠানের কাজ করার বিষয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।
যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল এবং পরে তাদের সরে যেতে হয়। যুক্তরাজ্যের ৬৫০ জন এমপির মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী দাবি করেন, অধিকাংশ এমপিই এ বিষয়ে নৈতিক অবস্থান বজায় রেখেছেন।

