সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায়

জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে আমার ভাষা সফটওয়্যার দিয়ে রায় অনুবাদ বন্ধ রয়েছে। আমরা নিজেরা বিকল্প চিন্তা করছি।’
সংবিধান এবং আইনি বাধ্যবাধকতার কারণে অধস্তন আদালতে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব রায়ই বাংলায় দেন বিচারকেরা। আইনজীবীরা প্রায় সব আবেদন জমা দেন বাংলায়। তবে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিলেও বাকিরা দেন ইংরেজিতে। আইনজীবীরা হাতে গোনা কয়েকটি ছাড়া সব আবেদনও জমা দেন ইংরেজিতে। অবশ্য উচ্চ আদালতে আগের চেয়ে বাংলায় রায় দেওয়ার প্রবণতা বাড়ছে।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারপ্রার্থীরাও তাঁদের রায় সম্পর্কে জানতে চান। সে জন্য বাংলায় রায় অনুবাদ করার বিষয়টি ভালো উদ্যোগ ছিল। আশা করি, বর্তমান প্রধান বিচারপতি সেই কার্যক্রম আবার শুরু করবেন।’
বাংলা ভাষা প্রচলন আইনের ৩(২) ধারায় বলা হয়েছে, ৩(১) উপধারা অনুযায়ী কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন, তাহলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। আইনটি পাসের পর থেকে সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক আদেশ ও নির্দেশনা বাংলায় হচ্ছে। তবে সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় ২০১৪ সালে প্রতিকার চেয়ে রিট করেন এক আইনজীবী। সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের নির্দেশনা চেয়ে করা রিটটির পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি রুলসহ হাইকোর্ট গাড়ির নম্বরপ্লেট, সব ধরনের সাইনবোর্ড ও নামফলক বাংলায় লিখতে আদেশ দেন। তবে ওই রুল এখনো নিষ্পত্তি হয়নি বলে জানান রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

