অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি: সংসদে বিদ্যুৎমন্ত্রী

জামায়াতের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার ভর্তুকি মূল্যে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করায় চলতি মার্চ হতে ২৫ অক্টোবর পর্যন্ত বিপিসিকে প্রায় ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসান দিতে হয়েছে। আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কমে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করায় লোকসান সত্ত্বেও বিপিসি নিজস্ব তহবিল দিয়ে বিগত ৮ মাস ধরে জ্বালানি তেলের আমদানি কার্যক্রম সচল রেখে চলেছে।
বিদ্যুৎমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য আরও হ্রাস পেলে তাঁর সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে।
বিএনপির সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে বছরে পাথরের চাহিদা ২৫ থেকে ৩০ মিলিয়ন মেট্রিক টন। তবে দেশীয় খনি থেকে উৎপাদিত হয় চাহিদার মাত্র ৫ দশমিক ৫ শতাংশ। বর্তমানে মধ্যপাড়া খনি থেকে বছরে ১ দশমিক ৬৫ মিলিয়ন মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। নতুন খনি উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এটি বাস্তবায়িত হলে বছরে মোট ৪ দশমিক ৯৫ মিলিয়ন মেট্রিক টন পাথর উত্তোলন সম্ভব হবে। বিদ্যমান ও প্রস্তাবিত উভয় খনির পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সম্পন্ন করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে। নতুন খনির স্থান নির্বাচনে কৃষিজমি ও জনবসতির সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

