অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে

জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশে আদালতে এমন সফটওয়্যারের ব্যবহার রয়েছে। বর্তমান প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই সফটওয়্যার তৈরি করেছে। দেশের ২৯টি আদালতে পরীক্ষামূলকভাবে এই সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এটি সঠিকভাবে কাজ করলে পর্যায়ক্রমে সব আদালতে ব্যবহার করা হবে। এটি কার্যকর হলে অনেক সময় বেঁচে যাবে এবং মামলা নিষ্পত্তি বাড়বে। এতে করে বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
কয়েকজন বিচারক জানান, অধস্তন আদালতের বিচারকদের রায়, আদেশ ও সাক্ষ্য গ্রহণ হাতে লিখতে হতো। এখনো অনেকে হাতে লেখেন, আবার অনেকে কম্পিউটারে। তবে হাতে লিখতে বা কম্পিউটারে টাইপ করতে অনেক সময় লাগে। ফলে সারা দেশে মামলাজট বাড়ছে। সেই জট কমাতে বিকল্প চিন্তা করে সুপ্রিম কোর্ট প্রশাসন পরীক্ষামূলকভাবে রায়, আদেশ ও সাক্ষ্য গ্রহণ লিখতে সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে, যা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত।
সুপ্রিম কোর্ট প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘বিচারিক সহকারী’ সফটওয়্যার ব্যবহার করে বিচারকেরা মৌখিক নির্দেশনার মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, আদেশ ও রায় লিখতে সক্ষম হবেন। সফটওয়্যারটিতে যেকোনো ধরনের পিডিএফ বা ইমেজ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরের সুবিধা থাকবে। এই সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কারিগরি ত্রুটির সম্মুখীন হলে বা কোনো পরামর্শ থাকলে তা সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (রিসার্চ) আব্দুল্লাহ আল ইউসুফকে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিচারকদের।

