মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প

বন্যা থেকে মৌলভীবাজারের মানুষকে রক্ষায় মনু নদের ঝুঁকিপূর্ণ বাঁধ ও তীর রক্ষায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ২০২০ সালে। ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালে এসেও সম্পন্ন হয়নি প্রকল্পের ৪০ শতাংশ কাজ। জমি অধিগ্রহণ জটিলতা, স্থানীয়দের বাধা ও ভারতের আপত্তিতে আটকে আছে একাধিক প্যাকেজ। বিশেষ করে সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ডের ১ হাজার ৪৫০ মিটার বাঁধের কাজ শুরুই করা যায়নি। ফলে প্রতি বর্ষায় বন্যা ও ভাঙনের আতঙ্কে দিন কাটছে মনুপারের লাখো মানুষের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে ৯৯৬ কোটি ২৮ লাখ টাকার এই প্রকল্পটি একনেকে অনুমোদন হয়। ২০২১ সালে কাজ শুরু হয়। ২০২৩ সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা। পরে ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। জেলার কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার মনু নদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকায় ৭০টি প্যাকেজে ভাগ করে কাজ করার কথা থাকলেও বাস্তবে প্রকল্পের ৬০ শতাংশ কাজ করে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জমি অধিগ্রহণের জটিলতা ও স্থানীয়দের বাধার কারণে কাজ করানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

