মেহেরপুরে দুই ভাগে বিএনপির ৭ নভেম্বর পালন, পৃথক সমাবেশ ও র্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে পৃথকভাবে সমাবেশ, আলোচনা সভা ও র্যালি করেছে জেলা বিএনপির দুই পক্ষ। দুই পক্ষের পৃথক কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। একই দিন সদর উপজেলা বিএনপির উদ্যোগে আমঝুপি বাজারে আলোচনা সভা ও মিছিল করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের অনুসারীরা।
শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য ও সংহতির শিক্ষা দেয়। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জাভেদ মাসুদ মিল্টন ও অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হাসান মিন্টু, প্রবীণ নেতা আলমগীর খান ছাতু ও হাফিজুর রহমান হাফিসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

