ইত্যাদির শুটিংয়ে দর্শকদের মোবাইল চুরির অভিযোগ, থানায় জিডি

জয়পুরহাটের কালাইয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে গিয়ে অনেক দর্শকের মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি এলাকায় এসব ঘটনা ঘটে।
এ ঘটনায় মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে তার কাছ থেকে কোনো মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।
আটক গোলাম রতনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়। তিনি ওই এলাকার গোলাম রব্বানীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’র শুটিং দেখতে সকাল থেকেই নান্দাইল দীঘিতে দর্শকদের সমাগম শুরু হয়। দিনভর সেখানে ১০ থেকে ১২ হাজার মানুষের উপস্থিতি ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে নান্দাইল দীঘি কলেজের প্রবেশপথে দর্শকদের ভিড় বাড়ে। এসময় কয়েকজন দর্শক তাদের মোবাইল ফোন চুরির অভিযোগ করেন। ভিড়ের মধ্যে পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

