চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৮ ভরি স্বর্ণ

চাঁদপুর বড় রেলস্টেশনে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে চাঁদপুর বড় রেলস্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে চাঁদপুর স্টেশনে পৌঁছান। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার ছায়া তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা শাখাকে দেন।
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি দল তদন্ত ও অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) এবং রাব্বি হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ হোসেন চাঁদপুর শহরের শ্রমিক কলোনির মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। আর রাব্বি হোসেন শহরের জামতলা এলাকার আব্দুল মালেক কুড়ালির ছেলে।
পরে ৭ নভেম্বর ভোরে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে এক আসামির বোনের শ্বশুরবাড়ি থেকে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

