অবশেষে মুখ খুললেন আমির হামজা

নারীঘটিত কথোপকথনের অডিও-ভিডিও থাকার দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের দেওয়া বক্তব্যকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। তার দাবি, আলেমদের সম্মানহানি করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় আল্লাহর কাছে বিচার চেয়েছেন তিনি।
গত শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী পশ্চিমপাড়া এলাকায় আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আমির হামজা। তিনি সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা ওয়াজ করেন।
নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ বলেন, রাত ১০টার দিকে মুফতি আমির হামজা মঞ্চে ওঠেন। তিনি এক ঘণ্টার বেশি সময় বক্তব্য দেন। মাহফিলে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন... নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত, আমার মনে হয় রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগত। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কী যোগ্যতা আছে, রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’
রাশেদ খাঁনের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে, এদের কথা যেন আল্লাহ বন্ধ করে দেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটা বদদোয়া করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে। আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি-এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছে, দেলাওয়ার হোসাইন সাঈদী এক মহিলার সঙ্গে গল্প করছেন। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ। ওই সময় এআই প্রযুক্তি ইসরায়েলের কাছ থেকে এনেছিলেন হাসিনা। আমাকে বলছে, দেখ তোর হুজুর কী করে।’

