দিনাজপুরে ডিসি অফিসের সামনে বিকট শব্দে বিস্ফোরণ

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) অফিসের প্রধান ফটকের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয়দের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাত সাড়ে ১২টায় এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার আগে দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি একটি ককটেল সদৃশ কিছু বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান। পরে আওয়ামী লীগ দিনাজপুর নামে ফেসবুকের একটি আইডি থেকে ককটেল বিস্ফোরণের ভিডিও ছাড়িয়ে পড়ে। এই ঘটনায় রাত সাড়ে ১২টায় এসআরবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সেলিম বলেন, পাশেই পুরাতন কাপড়ের দোকান রয়েছে আমার। কালিপূজা উপলক্ষে চারিদিকে পটকা ফাটানো হচ্ছিল। রাত ১০টার একটু আগে পটকা ফাটার আওয়াজের মতো বাইরে একটি বিকট শব্দ হয়। ভেবেছিলাম বড় গাড়ির টায়ার বিস্ফোরণ হয়েছে।
তবে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। দীপাবলী উপলক্ষে সকল জায়গায় আমাদের টহল জোরদার ছিল।

