২৮০০ কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে প্রশ্ন বিশেষজ্ঞদের

বিশিষ্ট রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স বলেন, ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। দুর্নীতির সমাধান না করে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়। প্রকল্পের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। একই সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর বাতিলের সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, তা জানতে চান তিনি। দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ বলেন, বিআরটি প্রকল্প শুধু পরিবহনব্যবস্থার উন্নয়ন নয়, পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। প্রকল্পে ত্রুটি থাকলে কারিগরি সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত।
পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী বলেন, আর্থিক ও কারিগরি বিবেচনায় বিআরটি প্রকল্পটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময়। বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষাতেও প্রকল্পটির সম্ভাব্যতা উঠে এসেছে। এ করিডরে বিপুলসংখ্যক বাসযাত্রী চলাচল করেন। বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে।
সংবাদ সম্মেলনে বিআইপির পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সব বিকল্পের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন, প্রকল্পের অনিয়ম তদন্তে কমিশন গঠন ও প্রতিবেদন প্রকাশ, বিমানবন্দর-গাজীপুর করিডরকে আরবান আর্টারি ঘোষণা, ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বিআরটি চালু এবং ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্গঠন করে শক্তিশালী করা। এ ছাড়া দেশের পরিবহন উন্নয়নে পরিকল্পনানির্ভর নীতি গ্রহণ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
প্রশ্নোত্তর পর্বে বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান বলেন, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে আলাদাভাবে আলোচনা হয়েছে। তাঁদের সঙ্গে সমন্বিত আলোচনারও পরিকল্পনা রয়েছে। বিআরটি প্রকল্প নিয়ে তাঁদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। বৃহত্তর জনস্বার্থে প্রকল্পটি বাস্তবায়ন চান তাঁরা। এটি শুধু পরিবহন প্রকল্প নয়, বরং বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, সাবেক প্রিন্সিপাল ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিনসহ অন্যরা।

