গাড়ির টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

মৌলভীবাজারের রাজনগরে গাড়ির টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঘরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গাড়ির টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরের পর দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বসতবাড়িতে প্রবেশ করে মারধর শুরু করে। এ সময় দা দিয়ে কুপিয়ে কয়েকজনকে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজন হলেন, একপক্ষের ঘরগাও গ্রামের মাসুম মিয়ার ছেলে সাগর (২০) এবং ফাক্কান মিয়ার ছেলে হৃদয় (২২)। আরেক পক্ষের মৃত নজির উদ্দিনের ছেলে দীপু মিয়া (৩২), সিরাজ মিয়ার ছেলে শিপু মিয়া (৫৫), মৃত রেমন মিয়ার ছেলে গুলম মিয়া (৬৫), মৃত ইকবাল মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৪৫), আউয়াল মিয়ার ছেলে আদনান (১৮), দেলোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৭)। এছাড়াও আরও কয়েজন আহত হয়েছেন বলে জানা গেছে।

