বিদ্যালয়ের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামিয়ে দিলেন আয়োজকরা

কুমিল্লার তিতাসের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটকার মামুন ও তার দ্বিতীয় স্ত্রীর উপস্থিতি ঘিরে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের স্কুল মাঠে এই অনুষ্ঠান হয়।
আয়োজকদের দাবি, তারা ওই দুজনকে আমন্ত্রণ জানাননি। বিষয়টি জানার পর তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দাতা সদস্যের নাতি ও সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেন দেশে অবস্থান করায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়েছিল। তবে অনুষ্ঠানের একপর্যায়ে টিকটকার মামুন ও তার দ্বিতীয় স্ত্রী মোহনা উপস্থিত হলে আয়োজকদের পক্ষ থেকে তাদের বিশেষ অতিথির মর্যাদা দিয়ে মঞ্চে তোলা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে হইচই ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে তাদের মঞ্চের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

