বিষাদ-সিন্ধুর স্রষ্টার স্মৃতিকেন্দ্রেই বিষাদের ছাপ

বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণ ও সাহিত্যচর্চার প্রসারে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে গড়ে তোলা হয়েছিল স্মৃতিকেন্দ্র।
তবে প্রতিষ্ঠার কয়েক দশক পেরিয়ে গেলেও যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে বর্তমানে বেহাল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান। ভবনের দেয়ালে ফাটল, পলেস্তারা খসে পড়া, পাঠাগারে তালা ঝুলানো এবং বসার বেঞ্চ নষ্ট হয়ে যাওয়ায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে দিন দিন আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রটি অবস্থিত। বাংলা সাহিত্যের অন্যতম এই গুরুত্বপূর্ণ সাহিত্যিক ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছা। জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় তিনি রাজবাড়ীর পদমদী নবাব স্টেটে কাটান এবং ১৯১১ সালের ১৯ ডিসেম্বর এখানেই মারা যান। তার শেষ ইচ্ছা অনুযায়ী পদমদীতে বিবি কুলসুমের পাশে তাকে সমাহিত করা হয়।
মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৯৯ সালের জুলাই মাসে ৮৪ শতাংশ জমির ওপর ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে স্মৃতিকেন্দ্রটি নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল তার সাহিত্যকর্ম, জীবন ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাহিত্যপ্রেমীদের জন্য একটি সমৃদ্ধ পাঠ ও গবেষণাকেন্দ্র গড়ে তোলা।
তবে সরেজমিনে দেখা যায়, সেই প্রত্যাশার সঙ্গে বর্তমান বাস্তবতার বিস্তর ফারাক। স্মৃতিকেন্দ্রের ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, দেয়ালে জমেছে ছত্রাক এবং খসে পড়ছে পলেস্তারা। প্রবেশপথের দুই পাশের বাতিগুলোও নষ্ট। চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি মাঠের ঘাস বড় হয়ে রয়েছে। পাঠাগারে মীর মশাররফ হোসেনের লেখা বইগুলো সাজানো থাকলেও সেটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। দর্শনার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো কম।
স্থানীয়দের অভিযোগ, স্মৃতিকেন্দ্রে পর্যাপ্ত জনবল নেই। দর্শনার্থীদের বসার উপযুক্ত ব্যবস্থা, বিশুদ্ধ পানির সুবিধা ও পাঠাগার ব্যবহারের পরিবেশও অনুপস্থিত। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (শুক্রবার ও শনিবার) প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষও ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। এমনকি ছুটির দিনে টাকা নিয়ে গেট খুলে দেওয়ার অভিযোগও তুলেছেন এক স্থানীয় বাসিন্দা।

