বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

এজলাস সংকটে ব্যাহত বিচারকাজ, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ এএম
এজলাস সংকটে ব্যাহত বিচারকাজ, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বিচারক ও আদালতের সংখ্যা বাড়লেও খুলনায় বাড়েনি প্রয়োজনীয় অবকাঠামো। ফলে একই এজলাস ভাগাভাগি করে চলছে একাধিক আদালতের বিচারকাজ। কোথাও ক্যানটিন, স্টোররুম ও পাবলিক টয়লেটের জায়গায় বসানো হয়েছে আদালত।

১৮৯১ সালে নির্মিত পুরোনো ভবনের ছাদ চুইয়ে পড়ে বৃষ্টির পানি। কর্মকর্তা-কর্মচারীদের বসার জায়গার সংকটও প্রকট। মহানগর দায়রা জজ ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নিজস্ব কোনো ভবন নেই। বছরের পর বছর প্রায় ৩০ দফা চাহিদা জানিয়ে অর্থ বরাদ্দ চাওয়া হলেও এই সংকট নিরসনে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিচার বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামোর এমন দশায় দুর্ভোগ পোহাচ্ছেন বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টরা।

সবচেয়ে নাজুক অবস্থা নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত আদালতগুলোতে। জেলা জজ আদালতের চারতলা ভবনের নকলখানার (নকল সরবরাহ শাখা) জায়গায় বসানো হয়েছে একটি সিভিল জজ আদালত। নিচতলার ক্যানটিন ও পাবলিক টয়লেটের জায়গায় চলছে দুটি সিভিল জজ আদালত। স্টোর ও টয়লেটের জায়গায় স্থাপন করা হয়েছে দুটি শিশু আদালত।

শিশু আদালত-১ ও ২ এর কক্ষ বিচারকদের চেম্বার হিসেবে ব্যবহৃত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও ৩-কে এজলাস ভাগাভাগি করতে হচ্ছে। এছাড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, খুলনা জেলা ও মহানগর একই এজলাসে বিচারকাজ চালাচ্ছে। নকলখানার জায়গায় আদালত বসানোর কারণে গারদখানার ভেতরে চলছে নকল সরবরাহের কাজ। এতে কর্মচারীদের বসার জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম।

নেজারত বিভাগের একটিমাত্র কক্ষে ৪১ জন জারীকারক, একজন ক্যাশিয়ার, একজন ডেসপাস সহকারী ও জেলা জজের নাজিরকে গাদাগাদি করে কাজ করতে হয়। প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহকারীদের জন্যও নেই কোনো পৃথক কক্ষ। জিপি (সরকারি কৌঁসুলি) ও পিপি (পাবলিক প্রসিকিউটর)-দের ছোট কক্ষ এবং সেরেস্তাতেও চলছে ভাগাভাগি করে কাজ।

১৮৯১ সালে নির্মিত একতলা এই ভবনে রয়েছে ১৫টি এজলাস, দপ্তর ও রেকর্ড রুম। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়লেও বাধ্য হয়ে সেখানেই চলছে বিচারিক কার্যক্রম। এদিকে মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়ায় রেকর্ড রুমের সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ১৩টি আদালতসহ বিভিন্ন কার্যক্রম চলছে। ক্যানটিন, স্টোররুম ও বারান্দার বাথরুমের অংশ ব্যবহার করেও বসানো হয়েছে আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় ও তৃতীয় আদালতকেও একই এজলাস ভাগাভাগি করে কার্যক্রম চালাতে হচ্ছে।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, পুরোনো একতলা ভবনটি দেড় থেকে ২০০ বছরের পুরোনো। এটি সম্প্রসারণের পরিবর্তে সেখানে নতুন ১০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...