বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

সরকারি বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
সরকারি বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছেন বিএনপির দুই নেতা

মাদারীপুরের শিবচর উপজেলার নয়াবাজার সেতুর নিরাপত্তা বিবেচনায় কাছাকাছি এলাকায় বালু উত্তোলনের নিষেধাজ্ঞা রয়েছে। নিলামের শর্তেও তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই সরকারি বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছেন বিএনপির দুই নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত দুই ঠিকাদার হলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী এবং উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক শাহাদাত হোসেন। অভিযোগ রয়েছে, নয়াবাজার সেতুর নিরাপত্তার স্বার্থে নির্ধারিত ৩০০ মিটারের মধ্যে বালু উত্তোলন না করার শর্তও উপেক্ষা করা হয়েছে। স্থানীয়দের দাবি, দিন-রাতে অবাধে চলেছে বালু ও মাটি কাটার কাজ। প্রতিবাদ করতে গেলে মিলছে ভয়ভীতি ও মারধরের হুমকি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদসংলগ্ন এলাকায় ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গত বছরের ডিসেম্বর মাসে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে শিবচর উপজেলার নয়াবাজারসহ জেলার কয়েকটি স্থানে উত্তোলিত বালু বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা মনিটরিং কমিটির মাধ্যমে নির্ধারিত শর্তে এ কার্যক্রম পরিচালিত হয়।

নিলাম বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, নয়াবাজার সেতুর স্থায়ী নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় সেতুর দক্ষিণ দিকে ৩০০ মিটারের মধ্যে কোনো ধরনের বালু আহরণ বা উত্তোলন করা যাবে না। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নিলামের এ শর্ত উপেক্ষা করেই সেতুর আশপাশে বালু উত্তোলন করা হয়েছে। শুধু তা-ই নয়, নিলামে নির্ধারিত বালুর বাইরেও সরকারি অতিরিক্ত বালু ও মাটি কেটে নেওয়ার অভিযোগ রয়েছে।

নিলাম-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় এক কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৪৫৬ ঘনফুট বালু বিক্রির জন্য নিলাম আহ্বান করা হয়েছিল। চুক্তিমূল্য নির্ধারণ করা হয় এক কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। চুক্তির শর্ত অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। নিলাম কার্যক্রম তদারকির জন্য জেলা প্রশাসককে সভাপতি করে একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। কিন্তু নির্দিষ্ট শর্ত এবং তদারকির জন্য মনিটরিং কমিটি থাকার পরও অতিরিক্ত সরকারি বালু ও মাটি উত্তোলন করছেন বিএনপির দুই নেতা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিলামে নির্ধারিত এলাকার বাইরে থেকেও বালু ও মাটি কেটে নেওয়া হয়েছে। তাদের দাবি, সেতুর নিরাপত্তার জন্য নির্ধারিত নিষিদ্ধ এলাকার মধ্যেও বালু উত্তোলন করা হয়েছে। এতে সেতুর আশপাশের মাটির স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, বালু কাটার প্রতিবাদ করতে গেলেই ভয়ভীতি দেখানো হয়, এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়। তাদের ভাষ্যমতে, যেখান থেকে বালু কাটার কথা, সেখান থেকে না কেটে সরকারি মাটি কেটে নেওয়া হয়েছে। এখন নয়াবাজার সেতু হুমকির মুখে। অভিযুক্তরা বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পায় না।

স্থানীয় আলমগীর হোসেন, রেদওয়ান হক, রুবেল মাতুব্বর ও জিসান সিকদারসহ কয়েকজন অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে সরকারি সম্পত্তি থেকে অতিরিক্ত বালু ও মাটি কেটে নেওয়া হচ্ছে। নিলাম তদারকির জন্য মনিটরিং কমিটি থাকার পরও কীভাবে অতিরিক্ত সরকারি বালু ও মাটি কাটা হচ্ছে বুঝতে পারছি না।

অভিযোগের বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ঠিকাদার আবু জাফর চৌধুরী বলেন, আমরা যখন বালু নিলামে কিনেছিলাম, তখন তাদের কোনো শর্ত ছিল না। পরে যখন ওই মাটিগুলো কেটেছি, তখন তারা নোটিশ জারি করে শর্ত বসিয়েছে। এ বিষয়ে আমরা হাইকোর্টে যাব।

অন্যদিকে শিবচর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও ঠিকাদার শাহাদাত হোসেন বলেন, বিষয়টি আমাদের ভুল হয়েছে। পরে আমরা প্রশাসনের সঙ্গে বসে যতটুকু বালু কাটা হয়েছে, ততটুকু ভরাট করে দেওয়ার কথা বলেছি।

এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাদাত মো. হাসান কবির বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান জেলা প্রশাসক। তিনি বিষয়টি ভালো বলতে পারবেন। তবে যারা সরকারি মাটি কেটে নিয়েছে, তারা ভরাট করে দেওয়ার কথা বলেছে।

ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা ব্যবস্থা নেওয়ার কেউ না। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জেলা প্রশাসনের।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, বিষয়টি জানার পর আমরা সরেজমিনে তদন্ত করেছি। যারা বালু নিলাম কমিটির দায়িত্বে ছিলেন, তাদের বিষয়টি জানিয়েছি। সংশ্লিষ্ট কমিটিকে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অবগত করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...