জামালপুরে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী, রাতভর আতঙ্ক

পরে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওভারপাস থেকে বস্তুটি উদ্ধার করে কিছু দূরে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।
এদিকে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জামালপুরের মানুষ ও প্রশাসন আতঙ্কের মধ্যে ছিল। বস্তুটি নিষ্ক্রিয় করা হলেও সেনাবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত এটি বোমা, নাকি অন্য কিছু তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। গত কয়েক দিন যাবৎ সারা বাংলাদেশে রাজনৈতিকভাবে আতঙ্ক তৈরি করার জন্য সেই পতিত ফ্যাসিবাদের দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে, নানাভাবে দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মনে করি, এই আজকের এই বোমা সদৃশ যে বস্তু, যেটি এখন নিষ্ক্রিয় করা হলো, সেটা তারই একটি অংশ। তবে সেটা আমরা যেটা বলছি যে, এটি করে আসলে এই জামালপুরকে অস্থিতিশীল করা যাবে না, জামালপুরের মানুষকে আতঙ্কিত করা যাবে না। আমরা আগামী দিনে জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করব।

