সোমেশ্বরীর বুকে কাঠের সেতু, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় এক মাস আগে সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। প্রতিদিন ২৭ থেকে ২৮ জন শ্রমিকের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অনেকে কাজ করেছেন। দুটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। প্রতিটি সেতুর দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট। একটির প্রস্থ ৮ ফুট, অন্যটির ৬ ফুট। সেতু দুটি দিয়ে পথচারী, শিক্ষার্থী, সাইকেল ও রিকশা চলাচল করতে পারবে। এমনকি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে। এসব সেবা সম্পূর্ণ টোলমুক্ত।
সেতু দুটির আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণ তদারকির জন্য গঠন করা হয়েছে একটি পরিচালনা পরিষদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পরামর্শে গঠিত এ পরিষদে রয়েছেন তেরিবাজার বড় মসজিদের ইমাম, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবক। সেতু নির্মাণের খরচ বাদে অবশিষ্ট আয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দুস্থ রোগীদের চিকিৎসা এবং অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে।

