চৌচির হাওর, বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় কৃষক

এর মধ্যে ধান রোপণের জমি শুকিয়ে ফাটলের সৃষ্টি হয়েছে। কিছু জমিতে আইল বেঁধে আগেভাগেই সেচ দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করছি। গত বছর ধান বিক্রি করে উৎপাদন খরচই তুলতে পারিনি। এর মধ্যে জমি চাষের শুরুতেই খরচ বেড়ে গেলে আবারও লোকসানে পড়তে হবে।’
বোয়ালা হাওরের কৃষক ও মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘৬৩ বছর বয়সেও হাওরের পানি এত দ্রুত শুকিয়ে যেতে দেখিনি। আগে পানি সেচে জমি শুকিয়ে বীজতলা তৈরি করতাম। এবার বীজতলা তৈরির মতো পানিও আশপাশে নেই। হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় চাষাবাদের খরচ ও দুর্ভোগ বাড়বে।’
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষক সঞ্জীব রঞ্জন তালুকদার বলেন, সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় উপজেলার সব হাওরেই পানি দ্রুত কমে গেছে। এতে কৃষকেরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারেন। বিশেষ করে যেসব হাওরে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা নেই, সেসব এলাকায় ফসল উৎপাদন কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে কৃষি বিভাগের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
হাওর গবেষক সজল কান্তি সরকার বলেন, ‘একসময় আমাদের হাওরগুলো ছিল গামলার মতো। পানি জমে থাকত। কিন্তু বর্তমানে পলি জমে ভরাট হয়ে গেছে। দীর্ঘদিন খনন না হওয়ায় হাওরগুলো নাব্যতা হারাচ্ছে। ফলে খুব দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে। হাওরগুলো খননের পাশাপাশি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ বন্ধ করা উচিত।’
মধ্যনগর ও ধর্মপাশা দুই উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্বে থাকা আসয়াদ বিন খলিল রাহাত বলেন, হাওরে পানি দ্রুত কমে যাওয়ায় বীজতলা তৈরি ও জমি চাষে কৃষকেরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। পাশাপাশি সমন্বয় সভায় হাওরের পানি ধরে রাখতে ভাঙা বাঁধগুলো মেরামতের প্রস্তাব দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, ইতিমধ্যে প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। কোন কোন হাওরে পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং কোথায় বাঁধ দিয়ে পানি আটকে রাখা প্রয়োজন, সে বিষয়ে কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

