আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই গতকাল আইসিসি ভারতকে শাস্তি দিয়েছে। ধীরগতির বোলিংয়ের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে ভারত সাত ওভার পিছিয়ে ছিল। সময়ের ছাড় হিসাব করার পরও এই ঘাটতি থেকে যায়। আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, স্লো ওভার-রেটের শাস্তি হিসেবে প্রত্যেক ওভার কম থাকায় খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানার পরিমাণ হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ।
ভারতের নিয়মিত ওয়ানডে অধিনায়ক গিল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে খেলেননি। শ্রেয়াস আইয়ারকে তাই চতুর্থ ও পঞ্চম ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিতে হয়েছিল। ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক আইয়ার ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। একারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

