চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়রের মেয়াদ শেষের আট মাসের কী হবে

মেয়াদ শেষ হওয়া নিয়ে বিতর্কের মধ্যে সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ‘আদালতের আদেশ অনুসারে আমি চাইলে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারি। আর আমি মেয়র না থাকলে করপোরেশন চালাবে কে?’
এদিকে মেয়াদ শেষের আট মাসে নগরীতে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডের আইনি বিষয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে তাঁর কাজ নিয়ে প্রশংসা করেন দলীয় লোকজন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি শাহেদ আকবর বলেন, ‘শাহাদাত ভাই কাজের মানুষ। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ব্যাপক উন্নয়ন করেছেন নগরীতে।’
তবে চসিক প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ করায় সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন। গতকাল নগরের চকবাজারে আলী প্লাজায় চট্টগ্রাম মহানগর এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আরিফ মঈনুদ্দিন বলেন, সাবেক মেয়রের মেয়াদ এরই মধ্যে উত্তীর্ণ হয়েছে। মেয়াদোত্তীর্ণ একজন ব্যক্তিকে পুনরায় চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক এবং জন-আকাঙ্ক্ষার পরিপন্থী। এমন অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তিনি অবিলম্বে বিতর্কিত এই নিয়োগ বাতিল করে নিরপেক্ষ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের দাবি জানান।
এই বিষয়ে জামায়াতে সম্ভাব্য মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালি বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারির পর তিনি (শাহাদাত) যা বেতন-ভাতা নিয়েছেন, সেগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়। এত দিন তিনি বলতেন, তিনি নাকি আদালতের মাধ্যমে ২০২৯ সাল পর্যন্ত মেয়র। এখন মেয়াদ উত্তীর্ণ হিসেবে তাঁকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।’

