শাকিলের কবর জিয়ারত করলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, বিচারের আশ্বাস

নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে গুরুদাসপুরের পুরানপাড়া কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে নিহত শাকিল ইসলামের কবর জিয়ারত করেন তারা। পরে শাকিলের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
কবর জিয়ারত ও সমবেদনা জ্ঞাপন শেষে কেন্দ্রীয় নেতারা বলেন, শাকিল ইসলাম ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। বিগত ১৫-১৭ বছর ধরে বহু নির্যাতন সহ্য করলেও তিনি অন্যায়ের সঙ্গে কোনো আপস করেননি।

