বান্দরবানে এবারও শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ

বান্দরবানে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়ায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬০ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যার ভিত্তিতে জেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগিয়ে রয়েছে কলেজটি।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এ বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিন বিভাগে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। বিজ্ঞান বিভাগে ১৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন এবং ‘এ’ গ্রেড পেয়েছেন নয়জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন চারজন এবং ‘এ’ গ্রেড পেয়েছেন আটজন।
মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেন ৩৪ জন। তাদের সবাই পাস করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন আটজন, ‘এ’ গ্রেড পেয়েছেন ২৫ জন এবং ‘এ-মাইনাস’ পেয়েছেন একজন।
এদিকে, লামা উপজেলার অন্যান্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। সরকারি মাতামুহুরী কলেজ থেকে ৭৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৭৮ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৬ দশমিক ৮২ শতাংশ।
চাম্বি উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ছয়জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১২ দশমিক ২৪ শতাংশ। হেফাজতুর রহমান কলেজ থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৫ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ছয়জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৫ দশমিক ২৯ শতাংশ।

