গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

বিক্ষোভরত শ্রমিকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাঁদের মজুরি সে অনুযায়ী বাড়েনি। একটি গ্যাসের সিলিন্ডার কিনতেই খরচ করতে হচ্ছে ২ হাজার ৫০০ টাকা। শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, তাঁদের বেতন কত নির্ধারণ করা হয়েছে, তা দ্রুত ঘোষণা করতে হবে। তাঁদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।

শ্রমিকেরা আরও বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে তাঁরা জড়িত নন। তাঁদের দাবি, বহিরাগত কিছু লোক শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরিস্থিতি অস্থিতিশীল করেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে গতকাল গাজীপুরের শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজও বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে। তবে সোমবার মোট কতটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

