মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

মিস ইউনিভার্সে যাওয়ার আগে সামিরা খান মাহি বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে আমি আমার দেশের সংস্কৃতি তুলে ধরতে যাচ্ছি। এটা অনেক বড় দায়িত্ব। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব আমার দেশের পতাকাকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। সবার দোয়া ও সহযোগিতা চাই।’
নাটকের নিয়মিত অভিনেত্রী হয়েও মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এই প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি সংস্কৃতি অঙ্গনে নিজের একটা জায়গা তৈরি করতে। এখন পর্যন্ত যতটুকু ভালোবাসা পেয়েছি, সেটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু এই প্ল্যাটফর্ম একেবারেই ভিন্ন বিষয়, আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। প্রস্তাবটি যখন আমার কাছে আসে, তখন ভাবছিলাম এই প্রতিযোগিতায় আমার অংশ নেওয়াটা ঠিক হবে কি না। পরে মনে হলো, এটাই ঠিক। একজন অভিনেত্রী হয়ে, মডেল হয়েও যদি এমন একটা প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করতে না পারি, তাহলে তো শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।’
শোবিজে মাহির পথচলা শুরু হয় মডেলিংয়ের মধ্য দিয়ে। ফ্যাশন শো, র্যাম্প, বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি কাজ করেছেন বিভিন্ন পণ্যের ফটোশুটে।

