চলে গেলেন ‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী সাহেদ

গত বৃহস্পতিবার সাহেদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এরশাদুল হক টিংকু জানান, দীর্ঘদিনের কিডনি সমস্যার সঙ্গে সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণ যুক্ত হওয়ায় সাহেদের শারীরিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়। কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না এই শিল্পীর। তাঁর অকাল মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
নব্বইয়ের দশকের শুরুতে সংগীতাঙ্গনে পা রাখেন শেখ সাহেদ আলী। তিনি মূলত ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। তিনি কেবল একজন চমৎকার কণ্ঠশিল্পীই ছিলেন না, নিজের অনেক গানের গীতিকার ও সুরকারও ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী কথা ও সুরের জন্য তাঁর গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ আবেদন তৈরি করেছিল। বিশেষ করে তাঁর গাওয়া ‘রোকযানা’ গানটি ওই সময়ে তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরত।

