স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণায় বিশেষ অনুদান দেবে নোবিপ্রবি

শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, থিসিস ও প্রজেক্টে বিশেষ অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের তালিকা চেয়ে নোটিশ জারি করেছে নোবিপ্রবি রিসার্চ সেল।
গত ১২ নভেম্বর রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়। নোটিশে শিক্ষার্থীদের নাম, গবেষণার শিরোনাম, রোল নম্বর, মোবাইল নম্বর ও সুপারভাইজারের নামসহ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর ও সিলমোহরসহ তালিকাটি নিজ নিজ বিভাগ থেকে আগামী ২৬ নভেম্বরের মধ্যে হার্ডকপি ও সফটকপি আকারে রিসার্চ সেল কার্যালয়ে পাঠাতে হবে।
নোটিশ অনুযায়ী, তালিকার সফটকপি ইংরেজিতে প্রস্তুত করে নির্দিষ্ট ঠিকানায় ই-মেইল করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের চেয়ারম্যানকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
এ বিষয়ে রিসার্চ সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, অনেক আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী গবেষণায় আগ্রহী হলেও অর্থের অভাবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ বিভিন্ন কাজ সম্পন্ন করতে সমস্যার সম্মুখীন হতে হয়। গবেষণার তথ্য সংগ্রহ, প্রিন্টিং ও বাইন্ডিংয়ের মতো কাজেও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। এসব আর্থিক সীমাবদ্ধতা দূর করে শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এ উদ্যোগে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে।

