পুরুষ মডেল ভাড়া করে রোমান্টিক ছবি তুলছেন চীনা তরুণীরা

অনেক গ্রাহকের মতে, এটি তাঁদের সাময়িকভাবে রোমান্সের অভিজ্ঞতা নেওয়ার সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে। আবার অনেকেই পরিবার থেকে বিয়ের চাপের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখাতে কিংবা একক জীবনের ফ্যান্টাসি পূরণে এমন ফটোশুট করছেন।
চীনের নানজিং শহরের ‘মু ঝাও স্টুডিও’ দাবি করেছে, তারা দেশে প্রথম পুরুষ মডেলদের নিয়ে এই ‘কাপল-স্টাইল’ ফটোশুট ব্যবসা শুরু করে। স্টুডিওটির প্যাকেজগুলোর দাম ৭,২০০ ইউয়ান (৯টি এডিটেড ছবি) থেকে শুরু করে ২৮,০০০ ইউয়ান। এই প্যাকেজের মধ্যে একদিনে সর্বোচ্চ ১২০টি ছবি এবং প্রয়োজনে পোশাক বদলের সুযোগ থাকে।

মডেল হিসেবে সাধারণত পেশাদার কমার্শিয়াল মডেল অথবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নেওয়া হয়। তাঁদের উচ্চতা, রূপ, সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী এবং অভিনয়ের দক্ষতার ওপর ভিত্তি করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
স্টুডিওর প্রতিষ্ঠাতা মু ঝাও জানান, ঘনিষ্ঠ পোজগুলো একটি নির্দিষ্ট সামাজিক ও পেশাদার সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। গ্রাহকেরা যাতে কোনোভাবেই মডেলদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের নম্বর বা তথ্য আদান-প্রদান করতে না পারেন, সে বিষয়েও খেয়াল রাখা হয়েছে।

