ইরান যুদ্ধ শুরুর পর অক্টোবরে হরমুজে এলএনজিবাহী জাহাজ চলাচল সর্বোচ্চ

কেপলারের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, অক্টোবরে মোট ৪২টি এলএনজি কার্গো বোঝাই করা হয়েছে। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৭ টি। কেপলারের তথ্য বলছে, অক্টোবরে কাতারের রাস লাফান বন্দরে ৩৫টি এলএনজি কার্গো বোঝাই করা হয়। এসব কার্গোর মোট পরিমাণ ছিল ২৭ লাখ টনের বেশি। যুদ্ধ শুরুর পর এটিই ছিল বন্দরটির সর্বোচ্চ মাসিক লোডিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতার প্রায় ৬২ লাখ টন এলএনজি রপ্তানি করেছিল।
এদিকে, রাস লাফান থেকে এলএনজি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করা দুটি জাহাজ পরে ওমানের সোহার নোঙর এলাকায় উপকূলের কাছে জাহাজ থেকে জাহাজে (এসটিএস) এলএনজি স্থানান্তর করে। কেপলারের তথ্য অনুযায়ী, ‘এসসি প্রেস্টিজ’ নামের জাহাজটি তার এলএনজি ‘বিডব্লিউ ইএনএন ক্রিস্টাল স্কাই’ নামের আরেকটি জাহাজে স্থানান্তর করে। বর্তমানে দ্বিতীয় জাহাজটি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করছে।
অন্যদিকে, ‘আল মাফিয়ার’ জাহাজে থাকা এলএনজি ‘শানডং রেডউড’ ও ‘এজনান’ নামের দুটি জাহাজে স্থানান্তর করা হয়। পরে উভয় জাহাজই এলএনজির চালান পাকিস্তানে পৌঁছে দেয়। সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে এলএনজি রপ্তানির পরিমাণ অক্টোবরে অপরিবর্তিত ছিল। কেপলারের তথ্য অনুযায়ী, ওই মাসে দ্বীপটি থেকে সাতটি কার্গো বোঝাই করা হয়, যা সেপ্টেম্বরে বোঝাই করা কার্গোর সংখ্যার সমান।

