নাগা পূর্বপুরুষের ৩৯ দেহাবশেষ ফেরত দিল অক্সফোর্ড জাদুঘর

পিট রিভার্স জাদুঘরের পরিচালক লরা ভ্যান ব্রোকহোভেন এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত দেহাবশেষগুলো তাদের নিজ ভূমিতে ফেরার পথে।
বহু দশক ধরে এসব মানবদেহাবশেষ অক্সফোর্ডের জাদুঘরে প্রদর্শিত হয়েছে। তবে ঔপনিবেশিক শাসনের প্রভাবমুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২০ সালে সেগুলো প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়।
পিট রিভার্স জাদুঘরে নাগা সংস্কৃতিসংশ্লিষ্ট ছয় হাজারের বেশি নিদর্শন রয়েছে। ধারণা করা হয়, বিশ্বের মধ্যে নাগা সংস্কৃতির সবচেয়ে বড় সংগ্রহ এটি। এসব নিদর্শনের অধিকাংশই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারত ও মিয়ানমার থেকে সংগ্রহ করা হয়েছিল।
১৯১০ থেকে ১৯৪০ সালের মধ্যে এই নিদর্শনগুলো সংগ্রহে যুক্ত করা হয়। মূলত তৎকালে নৃতত্ত্ববিদ হিসেবেও কাজ করা দুই ঔপনিবেশিক প্রশাসক এগুলো সংগ্রহ করেছিলেন। জাদুঘরের ওয়েবসাইটে বলা হয়েছে, ওই সময়ের অনেক নিদর্শনই স্বেচ্ছায় দেওয়া হয়নি; বরং সামরিক অভিযানের সময় জোর করে নিয়ে যাওয়া হয়েছিল।

