ইউরোপ–রাশিয়া নতুন নিরাপত্তা বন্দোবস্ত চায় যুক্তরাষ্ট্র, কাঠামো প্রস্তাবে মস্কোকে অনুরোধ

যুদ্ধ শেষ হওয়ার আগেই দুই ধারায় আলোচনা চায় ওয়াশিংটন
ট্রাম্প প্রশাসন একই সঙ্গে ইউরোপ-রাশিয়া সম্পর্কের নতুন নিরাপত্তা কাঠামো এবং রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। তবে হোয়াইট হাউসের চিন্তাভাবনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, যুদ্ধের অবসান ঘটানোর চুক্তি সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন শুরু হবে।
আবুধাবি আলোচনা শুরুর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউরোপ নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করবে। তবে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে আবুধাবিতে উপস্থিত ইউরোপীয় কর্মকর্তারা উভয় ধারায় একই সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। যদিও তাঁরা জোর দিয়ে বলেছেন, ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরই।
যুক্তরাষ্ট্রের আশা, শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ দিলে ইউরোপের সরকারগুলো যুদ্ধ শেষ হওয়ার আগেই বৃহত্তর নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতায় পৌঁছাতে আরও আগ্রহী হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, ‘নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে পরবর্তী সময়ে কী ঘটবে, তা না জানা পর্যন্ত জেলেনস্কি কোনো চুক্তিতে সম্মত হবেন না। পুতিনও বিষয়টি জানতে চান। এ কারণেই নিরাপত্তার বিষয়টি এত গুরুত্বপূর্ণ।’
সূত্রটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোকে স্পষ্ট করে দিয়েছে, ইউরোপ ও ইউক্রেনের সম্মতি ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তিতে রাজি হবে না ওয়াশিংটন। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্তের ওপর রাশিয়াকে কোনো ধরনের ভেটো ক্ষমতাও দেওয়া হবে না।
চলতি সপ্তাহের শেষ দিকে ডাবলিনে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে নিরাপত্তা ইস্যুটি অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠবে। তবে ইউরোপীয় কূটনীতিকেরা জানিয়েছেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নতুন নিরাপত্তা বন্দোবস্ত প্রতিষ্ঠার ধারণাটি এখনো ব্যাপক বিরোধিতার মুখে রয়েছে। এ ছাড়া প্রস্তাবটির বিভিন্ন দিক নিয়ে বহু প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

