ইরান যুদ্ধে সমুদ্রেপথে ১৩৪ হামলার ঘটনা, নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের আশপাশের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে হামলা, জাহাজের ক্ষয়ক্ষতি এবং অন্যান্য নিরাপত্তাজনিত ১৩৪টি ঘটনার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ব্রিফিংয়ে সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এ তথ্য জানান। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
খালেদ খিয়ারি জানান, অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে সবচেয়ে বেশি নিরাপত্তাজনিত ঘটনার রেকর্ড পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটিই ছিল এক মাসে সর্বোচ্চ ঘটনা। তিনি সতর্ক করে বলেন, সমুদ্রপথে চলমান অস্থিরতার কারণে জ্বালানি, পরিবহন ও বীমা খরচ বেড়ে যাচ্ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
তিনি বলেন, ‘এই পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া যায় না।’ বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ এবং নিরাপদ সামুদ্রিক নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করায় নাবিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

