কিশোর অবস্থায় আটকের ১৫ বছর পর সৌদিতে শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

কুরেইরিসের পরিবারের দাবি, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ থাকা কয়েকটি ঘটনার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। তাঁকে গুরুতর নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। প্রাণঘাতী নয়, এমন সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের কথা স্বীকার করিয়ে সেই বক্তব্যই পরবর্তী সময়ে তাঁর দণ্ডাদেশের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়।
সৌদি আরবের পূর্বাঞ্চলের একটি প্রভাবশালী শিয়া পরিবারের সদস্য ছিলেন কুরেইরিস। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁর পরিবারের সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাঁর এক ভাই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। অন্য এক ভাইকে মাত্র ১৩ বছর বয়সে গ্রেপ্তার করা হয়। ওই ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডযোগ্য মামলা করা হয়, যেগুলো সংঘটনের সময় তাঁর বয়স ছিল মাত্র ৯ বছর।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে এ পর্যন্ত সৌদি আরব এমন পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাঁরা অভিযোগ অনুযায়ী অপরাধ সংঘটনের সময় শিশু ছিলেন। তাঁদের সবাই পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর শিয়া পরিবারের সদস্য। ২০১১-১২ সালের আরব বসন্তের বিক্ষোভ চলাকালে এবং পরবর্তী সময়ে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

