সংখ্যালঘু হয়ে পড়ার শঙ্কায় শ্বেতাঙ্গ ব্রিটিশরা, প্রচুর সন্তান নেওয়ার পরামর্শ জনসংখ্যাবিদের

মরল্যান্ড বলেন, বর্তমান অভিবাসনের হার ও জন্মহারের ভিত্তিতে যুক্তিসংগত হিসাব করলে ২০৬০-এর দশকের শুরুতে শ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্যে সংখ্যালঘু হয়ে যেতে পারে। তাঁর ভাষায়, ‘আপনি যদি এই স্বতন্ত্র জাতিগত গোষ্ঠীর অস্তিত্ব ধরে রাখতে চান, তাহলে নিজেদের সন্তান জন্ম দিতে হবে।’ তাঁর মতে, কোনো জনগোষ্ঠীর জন্মহার দীর্ঘদিন ধরে কম থাকলে অভিবাসন অব্যাহত থাকুক বা না থাকুক, মোট জনসংখ্যার অনুপাতে সেই জনগোষ্ঠীর অংশ কমতে থাকবে।
জন্মহার কমায় অর্থনীতিতে দীর্ঘমেয়াদি সংকটের আশঙ্কা
মরল্যান্ডের মতে, জন্মহার কমে যাওয়া শুধু জনসংখ্যার আকারের ওপর প্রভাব ফেলবে না, বরং অর্থনীতির প্রচলিত কাঠামোকেও দুর্বল করে দেবে। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে শ্রমবাজার সংকুচিত হবে, উদ্যোক্তা ও বিনিয়োগের আগ্রহ কমবে এবং সরকারের কর আদায়ের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, ‘আমরা অর্থনীতি বলতে এখন যা বুঝি, তা আর টিকে থাকবে না। কল্যাণরাষ্ট্র থাকবে না, পেনশনও থাকবে না।’
তাঁর ব্যাখ্যা অনুযায়ী, বয়স্ক মানুষের সংখ্যা বাড়লেও কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকায় সরকারের পক্ষে পেনশন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় বহন করা কঠিন হবে। একই সঙ্গে পণ্য ও সেবা সরবরাহের ব্যয় বেড়ে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। এই সংকট মোকাবিলায় অবসরের বয়স বাড়ানো যথেষ্ট হবে না বলেও মনে করেন তিনি।

