শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব: ধান ছাড়াও সবজির ক্ষতির শঙ্কায় কৃষক

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ এএম
ঘূর্ণিঝড় আকভানের প্রভাব: ধান ছাড়াও সবজির ক্ষতির শঙ্কায় কৃষক

ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

চাঁদপুরে গত বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরেরা পড়েছেন বিপাকে। অনেকের দৈনিক আয় নেমে এসেছে অর্ধেকে। সিএনজিচালিত অটোরিকশাচালক আনোয়ার হোসেন গাজী জানান, বৃষ্টির কারণে গতকাল শুক্রবার অর্ধেক টাকাও আয় করতে পারেননি।

একই এলাকার সবজি বিক্রেতা জাহাঙ্গীরও পড়েছেন বিপাকে। বৃষ্টির মধ্যে পলিথিন টানিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসে থাকলেও বিক্রি হয়েছে খুবই কম।

শহরের নিউ ট্রাক রোডে তিনটি দোকানে সপ্তাহখানেক ধরে শীতের পিঠা বিক্রি শুরু হয়েছিল। কিন্তু শুক্রবারের বৃষ্টিতে কোনো দোকানই বসেনি। ভ্রাম্যমাণ হকারদের উপস্থিতিও ছিল হাতে গোনা। ক্রেতা টানতে এক বিক্রেতাকে অর্ধেক দামে কলা বিক্রির জন্য হাঁকডাক করতে দেখা যায়।

অর্ধশত ভাটার ইট নষ্ট

টানা বৃষ্টিতে মানিকগঞ্জে অন্তত অর্ধশত ইটভাটার কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। গতকাল দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী, জোকা ও পুখুরিয়া এবং সদর উপজেলার ভাটবাউর এলাকার পাঁচটি ইটভাটা ঘুরে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে। বৃষ্টির পানিতে অনেক ইট কাদায় পরিণত হয়েছে। কোথাও ইটের স্তূপ ধসে পড়েছে।

সদর উপজেলার ভাটবাউর এলাকার ইটভাটা মালিক আব্দুল মালেক বলেন, বৃষ্টির আশঙ্কায় কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলেন। কিন্তু বুধবার থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় এবং বাতাসে পলিথিন উড়ে যাওয়ায় ইটগুলো ভিজে গলে গেছে।

জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল আলম বলেন, জেলায় প্রায় ৮০টি ইটভাটা রয়েছে। মৌসুমের শুরুতেই বৃষ্টিতে অর্ধশতাধিক ভাটার কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।

অসময়ের বৃষ্টির বিরূপ প্রভাব পড়েছে কৃষিতেও। ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা, আলু, পেঁয়াজ, ভুট্টা ও সবজির খেতে পানি জমেছে। ঘিওরের রাথুরা গ্রামের কৃষক কবির খান বলেন, তাঁর সরিষার খেতে টানা বৃষ্টি ও বাতাসে গাছ নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় গাছ ও ফুলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তিনি।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন তালা (সাতক্ষীরা), মৌলভীবাজার, শরণখোলা (বাগেরহাট), ফকিরহাট (বাগেরহাট), চাঁদপুর ও ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি]

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...