হত্যা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর অনেক শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হচ্ছেন, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে।
প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেন, বিশ্বে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লব ঘটে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজ ও জ্ঞানচর্চার ধরন বদলে দিচ্ছে। নতুন প্রজন্ম এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। তাই শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এসব প্রযুক্তি কীভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সে বিষয়েও চিন্তা করতে হবে।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের প্রতিবেদন এখনো আছে কি না, তা খুঁজে দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।

