লুটপাটের টাকায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা গুঁড়িয়ে দেবে জনগণ: রিজভী

পলাতক ফ্যাসিবাদী শক্তির হাজার হাজার কোটি টাকার লুটপাট ও অর্থপাচারের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের ব্যাংক লুট করে সেই টাকায় আজ দেশে নতুন করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এ দেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা রুখে দাঁড়ালে সব চক্রান্ত ও অপচেষ্টা কালবৈশাখি ঝড়ের মতো গুঁড়িয়ে যাবে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এ দেশের মানুষ স্বাধীনতা-উত্তর একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মনির্ভরশীল বাংলাদেশ চেয়েছিল। কিন্তু তৎকালীন শাসকগোষ্ঠী মানুষের প্রত্যাশা পূরণ না করে গণতান্ত্রিক অধিকার হরণ করে এবং দিল্লির কাছে দাসখত লিখে দেয়। সেই সময়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা হারিয়ে দেশ রক্ষী বাহিনীর নির্যাতন এবং ক্ষুধা-দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হয়েছিল।
তিনি আরও বলেন, সেই পরিস্থিতি থেকে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতা একতাবদ্ধ হয়ে বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও অর্থনৈতিক উন্নয়নের সূচনা করেছিল। সেই রাজনৈতিক ও সাংস্কৃতিক জাগরণের ধারাবাহিকতাতেই পরবর্তীকালে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণা তৈরি হয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার বিপ্লবে পালিয়ে যাওয়া সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্ত পান করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেত্রী বিদেশে বসে পটকা-ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির নির্দেশ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

