উত্তরখানে চার বিদেশি পিস্তলসহ ‘কিলার শিবলু’ গ্রেপ্তার

রাজধানীর উত্তরখান থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মো. ইকরামুল ইসলাম শিবলু ওরফে ‘কিলার শিবলু’কে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উত্তরার এসআরবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নিয়ামুল হালিম খান।
তিনি জানান, শুক্রবার দিবাগত শেষ রাতে উত্তরখান থানার মৈনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি চারটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিয়ামুল হালিম খান বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ময়নার টেক এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ও টহল টিম অভিযান চালায়। রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে শিবলুকে গ্রেপ্তার করা হয়।
শিবলু ২০০৯ সাল থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত জানিয়ে তিনি বলেন, ওই বছর এসআরবি-১ তাকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছিল। সে মামলায় প্রায় চার বছর কারাভোগের পর তিনি মুক্তি পান। তার বিরুদ্ধে থাকা সাতটি মামলার মধ্যে দুটি অস্ত্র, দুটি হত্যা, দুটি মাদক এবং একটি চুরির মামলা রয়েছে।

