বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লায়লা আঞ্জুমান আরা বেগম জানান, তাঁর প্রয়াত স্বামী এ কে আমিনুল হক সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে বাজিতপুর বাজারের প্রাণকেন্দ্রে নিজের নামে ‘আমিনুল হক সুপার মার্কেট’ এবং তাঁর নামে ‘লায়লা আঞ্জুমান আরা বেগম সুপার মার্কেট’ প্রতিষ্ঠা করেন। তবে বিগত সরকারের আমলে একটি প্রভাবশালী রাজনৈতিক পক্ষ মার্কেটটির ১৪ শতাংশ জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তাঁদের পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
লায়লা বেগমের অভিযোগ, জমির মালিকানা হস্তান্তরে রাজি না হওয়ায় ২০২০ সালের ৮ মার্চ রাতে পূর্ব বাজিতপুরে তাঁদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মার্কেটের মালিকানাসংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে যায়। পরে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে ২০২৪ সালের মার্চ মাসে ওই জায়গায় ‘রেজিয়া সুপার মার্কেট’ নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে যান বলে দাবি করেন তিনি।

