৮০ লাখ টাকা ঘুষ দাবি: লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের আসাদুল ২ দিনের রিমান্ডে

দুদকের হাতে গ্রেপ্তার এই সার্ভেয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩ নভেম্বর আসাদুল ইসলামকে আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত। এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে। ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে ওই টাকা দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল ইসলাম তা তাঁর ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের ফাঁদ দলের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।

